ফেনীর ছাগলনাইয়ায় পুকুরের পানিতে ডুবে রুবাইয়া নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার রাধানগর ইউনিয়নের বেতাগা গ্রামের বলি বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ফুফুর বাড়িতে বেড়াতে যায় শিশু রুবাইয়া। মঙ্গলবার সকাল ১০টার দিকে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সামনের পুকুরে শিশুটিকে পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রুবাইয়া ছাগলনাইয়া উপজেলার উত্তর কুহুমা গ্রামের বক্সি হাজী বাড়ির ওমানপ্রবাসী মো. নজরুল ইসলামের একমাত্র কন্যা।

এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাতেও নেমে এসেছে শোকের আবহ।