সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন, যারা বর্তমানে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে হতাহতের প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রিয়াদে বাংলাদেশ দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে তথ্য সংগ্রহের চেষ্টা করছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, হামলার পর সুস্থ থাকা বাংলাদেশিদের দুটি হোটেলে স্থানান্তর করা হয়েছে এবং প্রধানমন্ত্রী সার্বক্ষণিক সেখানকার খোঁজখবর রাখছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ৪১ জন ওমরাহ যাত্রীর একটি বড় দল রিয়াদ থেকে জেদ্দায় যাওয়ার জন্য বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। তারা সবাই বাংলাদেশি। হঠাৎ বিস্ফোরণে বিমানবন্দর ভবন কেঁপে ওঠে।

সূত্র অনুযায়ী, নিহতদের মধ্যে দুজন বাংলাদেশিকে শনাক্ত করা গেলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। এছাড়া ১১ জন এখনো নিখোঁজ রয়েছেন। সংশ্লিষ্টদের ধারণা, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। জানা গেছে, ওই ওমরাহ যাত্রীরা সবাই ঢাকার কামরাঙ্গীরচরের জামিয়া আরাবিয়া রবিউল উলুম মাদ্রাসার শিক্ষক ছিলেন।