সাধন সাহা জয়

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দীর্ঘদিনের অবহেলিত ও বেহাল সড়ক মেরামতের দাবিতে অভিনব পন্থায় স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেছেন এক বাসিন্দা।

সড়কের বেহাল দশার কথা জানিয়ে ও দ্রুত তা নির্মাণের দাবি নিয়ে প্রকাশ্যে মাইকিং করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা গেছে, উপজেলার নূরপুর-হরিপুর সড়কের বেহাল দশা ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরে গতকাল ওই সড়কের ওপর দাঁড়িয়ে মাইকিং করেন মো. মলুদ নামের এক স্থানীয় বাসিন্দা।

ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘সম্মানিত এমপি মহোদয়, নাসিরনগরের আড়াই লাখ মানুষের নয়নের মণি, জননন্দিত নেতা এম এ হান্নান এমপি মহোদয়। আপনাকে অনুরোধ করে বলছি, গোকর্ণ ইউনিয়নের মানুষ নূরপুর থেকে হরিপুর পর্যন্ত যেতে পারে না।

রাস্তাটার খুব বেহাল অবস্থা। বৃষ্টি হলে রাস্তায় কাদা হয়ে যায়। এই রাস্তা দিয়ে সিএনজি ও রিকশায় যাত্রীদের চলাচলে কষ্ট হয়। নূরপুর থেকে স্কুলের ছাত্র-ছাত্রীরা গোকর্ণ স্কুলে যাওয়ার পথেও অনেক কষ্ট হয়। আপনি এই রাস্তাটা করে দেবেন। আমাদের গোকর্ণ ইউনিয়নবাসীর পক্ষ থেকে অনুরোধ করে বলছি।’

খোঁজ নিয়ে জানা যায়, মো. মলুদ পেশায় একজন মাইক ব্যবসায়ী।

এ বিষয়ে বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর মালুদের রাতে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তার স্ত্রী পরিচয়ে এক নারী জানান, তারা সাধারণ মানুষ এবং তার স্বামী নিজ থেকেই স্বেচ্ছায় এই মাইকিং করেছেন।

স্থানীয় গোকর্ণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহীন বলেন, ‘মাইকিংয়ের বিষয়টি আমি শুনেছি। রাস্তাটি সংস্কার না হওয়ায় দীর্ঘদিন ধরে মানুষের মনে যে ক্ষোভ ও কষ্ট জমে ছিল, তারই বহিঃপ্রকাশ ঘটেছে এই মাইকিংয়ের মাধ্যমে। সংসদ সদস্য মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করায় বিষয়টি ভালো হয়েছে বলে মনে করি।’

এ বিষয়ে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরীন বলেন, ‘এই রাস্তাটির কাজ যেন দ্রুত সম্পন্ন হয়, সে বিষয়ে সংসদ সদস্য মহোদয় অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন মহলে কথা বলেছেন। কিন্তু নানা জটিলতায় ঠিকাদার সময়মতো কাজ করছেন না।’

এলজিইডি ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মান্নান জানান, ঠিকাদারের সঙ্গে এ বিষয়ে ইতোমধ্যে কথা হয়েছে এবং এ নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

আবহাওয়া অনুকূলে আসলে দ্রুত ঠিকাদার কাজ শুরু করবেন বলে আশা করা যাচ্ছে। তবে রাস্তাটির নির্মাণকাজে মোট ব্যয় কত এবং কবে নাগাদ কাজ শেষ হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময়সীমা জানাতে পারেননি তিনি।দদ