হাফিজুর রহমান খান
কক্সবাজারের রেজুখাল চেকপোস্টে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৫২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
বিজিবি জানায়, বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে রেজুখাল চেকপোস্টে নিয়মিত তল্লাশি চালানোর সময় বিজিডি-১০৮৩ ‘ডগ জন’ নামের প্রশিক্ষিত জার্মান শেফার্ড কুকুরের সহায়তায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেলের এয়ার ক্লিনারের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. আয়াজ (৩০)কে আটক করা হয়। তিনি টেকনাফের হ্নীলা এলাকার বাসিন্দা।
এর একদিন পর বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটের দিকে একই চেকপোস্টে আবারও অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় ‘ডগ জন’-এর সহায়তায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে অটোরিকশার ব্যাটারির ভেতর বিশেষ কায়দায় লুকানো আরও ২৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় অটোরিকশাচালক মো. ফয়সাল (২২)কে আটক করা হয়। তিনি টেকনাফের জাদিমুরা এলাকার বাসিন্দা।
বিজিবি জানিয়েছে, পৃথক দুটি অভিযানে মোট ৫২ হাজার পিস ইয়াবা উদ্ধারের পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি অটোরিকশা, একটি বাটন মোবাইল ফোন এবং একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি পৃথক অভিযানে ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটক দুজনের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে উদ্ধার করা ইয়াবা, জব্দ করা যানবাহন ও অন্যান্য মালামালসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
















