রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ জে এম সালাহউদ্দিন নাগরীকে রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই চুক্তিভিত্তিক নিয়োগের কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

একই আদেশে রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের বর্তমান সচিব রফিকুল আই মোহাম্মদকে চুক্তিতে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহা. শওকত রশীদ চৌধুরীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) হিসেবে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, তিনিও চুক্তিতে নিয়োজিত ছিলেন।