এসএম এরশাদ আলী রাশেদ: রাঙ্গামাটির লংগদুতে প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী কৃষিবান্ধব কর্মসূচির অংশ হিসেবে কৃষক ভথ্য সংগ্রহ ও কৃষকদের কৃষি কার্ড বাস্তবায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাগামাটির  লংগদু উপজেলার সদর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের সূচনা করা হয়।

লংগদু উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে পরিচালিত এবং উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান এর সভাপতিত্বে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন।

এসময়ে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসরাফিল হক, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া, রাঙ্গামাটি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু নাছির।

এছাড়াও অনুষ্ঠানে কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাগন, স্থানীয় জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে মাঠ পর্যায়ে কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করেন কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এই কার্যক্রমের মাধ্যমে উপজেলার প্রকৃত কৃষকদের একটি সমন্বিত ডিজিটাল তথ্যভাণ্ডার তৈরি করা হবে। সেই তথ্যের ভিত্তিতে কৃষকদের নামে ডিজিটাল কৃষি কার্ড প্রদান করা হবে। এ কার্ডের মাধ্যমে কৃষকরা সরকারি প্রণোদনা, ভর্তুকি মূল্যে সার ও বীজ, কৃষি ঋণসহ বিভিন্ন সরকারি সহায়তা সহজ ও স্বচ্ছভাবে গ্রহণ করতে পারবেন।

কৃষি বিভাগ আরও জানায়, প্রথম ধাপে লংগদু উপজেলায় তিনটি ওয়ার্ডে কৃষকের তথ্য সংগ্রহ করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার সকল কৃষকদের এই কার্যক্রমের আওতায় আনা হবে।