এম এ এহসান রিয়াজ
যোগদানের পর থেকেই লক্ষ্মীপুরের রামগতি থানাকে দালালমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান।
তিনি বলেন, থানায় দালালের কোনো স্থান নেই। তদবির ছাড়াই যে কোন ঘটনার আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জনসাধারণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের জন্য দিন-রাত ২৪ ঘণ্টা থানার দরজা খোলা রয়েছে।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় রামগতি প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন ওসি লিটন দেওয়ান।
মতবিনিময়কালে ওসি আরো বলেন, অনেক সময় ভুক্তভোগীরা থানায় আসার সময় পরিচিত বা প্রভাবশালী ব্যক্তিকে সঙ্গে নিয়ে আসেন। পরে ঘটনার ধরন অনুযায়ী পুলিশ আইনানুগ ব্যবস্থা নিলে, ওই ব্যক্তির তদবির বা প্রভাবের কারণেই ব্যবস্থা নেওয়া হয়েছে, এমন প্রচারণা চালিয়ে কেউ কেউ গোপনে বিভিন্ন ধরনের সুবিধা নেওয়ার চেষ্টা করেন। এ ধরনের
অভিযোগ এসেছে এবং এর সত্যতাও পেয়েছি।
তিনি বলেন, আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই, থানায় কোনো ব্যক্তি যে কোনো সমস্যা নিয়ে প্রভাবশালী কাউকে নিয়ে এলে যে সেবা পাবেন, কোনো ধরনের তদবির ছাড়া একা এসে অভিযোগ করলেও একই সেবা পাবেন। কারণ আমি যোগদানের পর থেকেই থানাকে দালালমুক্ত করেছি এবং তদবির-বাণিজ্য বন্ধ করেছি।
ওসি লিটন দেওয়ান বলেন, কোনো নাগরিকের অভিযোগ বা মামলা করার মতো ঘটনা থাকলে তা আইন ও বিধি অনুযায়ী যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কারও তদবির বা প্রভাবের প্রয়োজন নেই।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রামগতি প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন (চ্যানেল এস), সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান ধনু (দৈনিক সময়ের আলো),সাধারণ সম্পাদক শাহরিয়ার কামাল (দৈনিক যুগান্তর), সহ-সাধারণ সম্পাদক এম এ এহসান রিয়াজ (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ)।
আরো উপস্থিত ছিলেন অর্থ ও দপ্তর সম্পাদক শাহরিয়ার কাজল (দৈনিক আজকের খবর), নির্বাহী সদস্য মোহাম্মদ জাকির শাহ (দৈনিক আমার সংবাদ) ও দৈনিক ভোরের চেকনার এইচ এম আল আমিন প্রমুখ।
এ সময় রামগতি প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান ওসি লিটন দেওয়ান। পরে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।






