এম এ এহসান রিয়াজ
মাদকের ব্যবহার শূন্যের কোঠায় নামিয়ে আনতে লক্ষ্মীপুরের রামগতিতে মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বেলা ১১ টার দিকে উপজেলার
চরগাজী ইউনিয়নের আলী আকবর হাজিরহাট বাজারে রামগতি থানার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।কর্মসূচিতে পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক,শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মাদক আছে যেখানে-অভিযান হবে সেখানে। মাদকের বিরুদ্ধে -চলো যাই যুদ্ধে এমন শ্লোগানে র্যালিটি হাজিরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজারের জিরো পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন রামগতি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ডা. শামসুল আলম,রামগতি থানার ওসি লিটন দেওয়ান ও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
বক্তারা মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং মাদক নির্মূলে পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও মারাত্মক হুমকি। মাদকমুক্ত সমাজ গড়তে ও মাদক নিয়ন্ত্রেণে পুলিশ কাজ করছে।
এসময় তিনি পুলিশ প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে মাদক নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।







