মোঃ রবিউল ইসলাম মিনাল
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে মোবাইল কোর্টের মাধ্যমে চারজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র্যাব-৫ ও রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বোয়ালিয়া থানাধীন তেরখাদিয়া ও সপুরা এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব-৫ সূত্রে জানা যায়, চলাচলের সাধারণ রাস্তায় ইট, বালি ও ইটের খোয়া রেখে জনসাধারণের স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা এবং আইন অমান্য করার অভিযোগে এই দণ্ড প্রদান করা হয়।
অভিযানটি পরিচালনা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব জনাব নাজমুল আলম। তাঁর সঙ্গে ছিলেন র্যাব-৫-এর সদর কোম্পানী রাজশাহীর একটি দল।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম জানান, নগরবাসীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে অবৈধ দখলদারিত্ব ও রাস্তা বন্ধের বিরুদ্ধে তাদের এনফোর্সমেন্ট কার্যক্রম অব্যাহত থাকবে। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ নগরীকে সকলের চলাচলের উপযোগী রাখতে এ ধরনের অভিযান সামনেও জোরদার করা হবে।







