রাজশাহী কলেজ প্রতিনিধি

রাজশাহী কলেজ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের কমিটি গঠনের লক্ষ্যে নেতাকর্মীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত (সিভি) সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১৬ আগস্ট) থেকে কলেজের রজনীকান্ত সেন মঞ্চের পাশে স্থাপিত বুথে এ কার্যক্রম শুরু হয়। আগামী ১৮ আগস্ট পর্যন্ত কলেজ চলাকালীন সময়ে সিভি সংগ্রহ করা হবে।

রাজশাহী কলেজ ছাত্রদল সূত্রে জানা গেছে, কলেজের বিভিন্ন বিভাগ ও আবাসিক হলের কমিটি গঠনের প্রস্তুতি হিসেবে সংগঠনের নেতাকর্মীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত থাকা, রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় এবং ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের পাশাপাশি যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সিভি সংগ্রহ কার্যক্রমে উপস্থিত রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রাশিকুজ্জামান প্রীতম বলেন, ‘রাজশাহী কলেজ ছাত্রদলকে আরও সুসংগঠিত করতে প্রতিটি বিভাগ ও হোস্টেলে কমিটি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য নেতাকর্মীদের কাছ থেকে সিভি আহ্বান করা হয়েছে। ছাত্রদলের কর্মীরা উৎসাহের সঙ্গে সিভি জমা দিচ্ছেন।’

ছাত্রদলের কর্মী প্রীতি বলেন, ‘আমরা যারা ছাত্রদলের ত্যাগী কর্মী এবং দীর্ঘদিন রাজপথে সক্রিয় ছিলাম, তারা সবাই সিভি দিচ্ছি। আশা করছি, প্রত্যেকেই তার যোগ্যতা ও সাংগঠনিক ভূমিকা অনুযায়ী কমিটিতে দায়িত্ব পাওয়ার সুযোগ পাবেন।’

সিভি সংগ্রহ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ ছাত্রদলের সভাপতি মো. আমিনুল ইসলাম, সিনিয়র সহসভাপতি জুবায়ের রশিদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দলীয় নেতারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে সংগঠনের নেতাকর্মীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ শেষে পরবর্তী সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন বিভাগ ও আবাসিক হলের কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।