মাদারীপুরের রাজৈরে মাদ্রাসার জন্য সাহায্য চাওয়ার কথা বলে বাড়িতে ঢুকে মোবাইল ফোন চুরি করে এমন অভিযোগ পাওয়া যায় এক ব্যক্তির বিরুদ্ধে। পরে সেই ব্যক্তিকে ধরতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে মেরজন শেখ নামে এক বৃদ্ধ।
শনিবার (২৪ অক্টোবর) সকালে টেকেরহাট বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকায় মেরজন শেখের বাড়িতে গিয়ে মাদ্রাসার জন্য সাহায্য চাওয়ার কথা বলেতে যান হাসিবুল খাঁ। এ সময় সুযোগ বুঝে ঘর থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে পালিয়ে যাওয়ার এমন অভিযোগ উঠছে তার বিরুদ্ধে।
আজ শনিবার সকালে টেকেরহাট বাজারে হাসিবুলকে দেখতে পান মেরজন শেখ। পরে তাকে ধরতে ধাওয়া করেন সে। এ সময় অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, স্থানীয় লোকজন হাসিবুল খাঁকে আটক করে মারধর করে। পরে তাকে রাজৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত মেরজন শেখ রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকার মিলন শেখের ছেলে। অভিযুক্ত হাসিবুল খাঁ একই উপজেলার বদরপাশা ইউনিয়নের দ্বারাদিয়া গ্রামের ইলিয়াস খাঁর ছেলে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম জানান, নিহতের বাড়ি পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মাসুদ রেজা ফিরোজী















