সাধন সাহা জয়
নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলে সংঘবদ্ধ অপরাধমূলক কর্মকাণ্ড ও সশস্ত্র চক্রের দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়ায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় সূত্রগুলোর দাবি, নিলক্ষা, মির্জারচরসহ আশপাশের চরাঞ্চলের বিভিন্ন অপরাধপ্রবণ ব্যক্তিদের নিয়ে প্রায় ২০০ সদস্যের একটি সশস্ত্র চক্র ওই এলাকায় সক্রিয় রয়েছে।
অভিযোগ রয়েছে, এই চক্রের সদস্যদের কাছে আধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র রয়েছে। ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের জুলাই-আগস্টের ঘটনাকালে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে লুট হওয়া অস্ত্রের একটি অংশ তাদের হাতে এসে পৌঁছেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত ৫ আগস্টের পর থেকে মেঘনা নদীর বিভিন্ন স্থানে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে এবং মির্জারচর ইউনিয়নের শতাধিক বসতবাড়ি, ফসলি জমি ও ব্যবসাপ্রতিষ্ঠান ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে বলে দাবি করেছেন এলাকাবাসী।
এছাড়া, এই অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করতে গিয়ে অনেকেই হামলা ও ভয়ভীতির শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এসব কারণে পুরো চরাঞ্চলে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে এবং সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতার মধ্যে জীবনযাপন করছেন। দ্রুত এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।







