গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা অধ্যাপক ইউনূস এক বিশেষ শুভেচ্ছাবার্তায় বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ের সঙ্গে তিনি নিবিড়ভাবে সম্পৃক্ত।
অধ্যাপক ইউনূস তাঁর বার্তায় আরও উল্লেখ করেন যে, মির্জা ফখরুল ইসলামের সাংগঠনিক দক্ষতা, প্রজ্ঞা, সংকটকালীন বলিষ্ঠ নেতৃত্ব এবং তৃণমূলের সাধারণ মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা তাঁকে জাতীয় রাজনীতির এক অনন্য ও স্বতন্ত্র অবস্থানে প্রতিষ্ঠিত করেছে। তিনি বিশ্বাস করেন, একজন প্রথিতযশা শিক্ষাবিদ, অভিজ্ঞ রাজনীতিক এবং সজ্জন ব্যক্তিত্ব হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণ করলে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা আরও সমুন্নত হবে।
তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক এবং প্রকৃত গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে। সবশেষে অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।










