মাফিকুল ইসলাম

দিনাজপুরের বিরামপুর উপজেলার ৭ নম্বর পলিপ্রয়াগপুর ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মেঃ হায়দার আলী শাহ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক। এতে উপজেলা বিএনপির সভাপতি মো. মামুন, সাধারণ সম্পাদক মনজুর এলাহী চৌধুরী রুবেলসহ দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মতবিনিময় সভায় ইউনিয়নের নয়টি ওয়ার্ডের মানুষের কাছ থেকে এলাকার উন্নয়ন ও জনদুর্ভোগের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। স্থানীয়রা রাস্তা-ঘাটের উন্নয়ন, ড্রেন ও কালভার্ট নির্মাণ, বিরামপুরে মেডিকেল কলেজ স্থাপন এবং অসহায় মানুষের মধ্যে সরকারি ত্রাণ সঠিকভাবে বিতরণের দাবি জানান। পাশাপাশি সার ও বিদ্যুৎ সংকট এবং মাদকদ্রব্যের বিস্তার নিয়েও অভিযোগ ও উদ্বেগের কথা তুলে ধরা হয়।

সারের সংকট প্রসঙ্গে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশে পর্যাপ্ত সার মজুদ রয়েছে। সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে উপজেলা পর্যায়ে মনিটরিং টিম কাজ করছে। আগামী ৩ সেপ্টেম্বর নতুন করে সার ডিলারশিপ দেওয়ার কথাও জানান তিনি।

মাদক নিয়ন্ত্রণে স্থানীয় জনগণকে নিজ নিজ এলাকায় সচেতন হওয়ার পাশাপাশি মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিষয়ে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

বিদ্যুৎ সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদন বাড়াতে বিভিন্ন প্রস্তুতি ও অবকাঠামোগত কাজ প্রয়োজন। এজন্য কিছুটা সময় লাগবে। সময়ের সঙ্গে বিদ্যুতের ঘাটতি থাকবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভায় স্থানীয় উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন ও সাধারণ মানুষের সমস্যা সমাধানে পর্যায়ক্রমে কাজ করার আশ্বাস দেওয়া হয়।