বিগত ১৭ বছর ধরে সংবাদপত্র ও গণমাধ্যমের ওপর চাপিয়ে দেওয়া বিভিন্ন বিতর্কিত ও দমনমূলক ‘কালো আইন’ সংস্কারের কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব আইনের যথাযথ পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম দ্রুত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।

শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য জানান।

এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য ঊর্ধ্বতন সদস্যবৃন্দ। উল্লেখ্য যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সরাসরি ভোটে জয়লাভ করার পর গত ১৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার।

সেই ধারাবাহিকতায় সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্ণ হওয়া উপলক্ষে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।