প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল রবিবার (৯ আগস্ট) চট্টগ্রাম ও কক্সবাজার জেলা সফর করবেন। ঢাকা থেকে হেলিকপ্টারে করে যাত্রা শুরু করবেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই সফরের বিস্তারিত কর্মসূচি জানিয়েছেন।
সফরসূচি অনুযায়ী, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি প্রথমে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী পৌঁছাবেন। সেখানে তিনি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা)-এর চলমান কার্যক্রমসমূহ নিবিড়ভাবে পরিদর্শনে করবেন। এরপর তিনি বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সহায়তার বিষয়ে সেখানে আলোচনা করবেন তিনি।
কক্সবাজারের কর্মসূচি শেষ করে দুপুর দেড়টার দিকে তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘির মাঠে অবতরণ করবেন। সেখান থেকে তিনি আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন করবেন।
বিকেল পৌনে ৪টায় তারেক রহমান হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোতে সংক্ষিপ্ত বিরতি নেবেন। এরপর বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হবে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা।
দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটোরিয়ামে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সব কর্মসূচি সম্পন্ন করে রাতে তিনি হেলিকপ্টারে করে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং রাজধানীতে পৌঁছাবেন।











