নওগাঁর এক প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে স্কুল-কলেজের গন্ডি পেরিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন সফলভাবে সম্পন্ন করেছেন আজন্ম দৃষ্টিহীন শাকিল হোসেন। অত্যন্ত দরিদ্র পরিবারে জন্ম নেওয়া শাকিল মেধা এবং অদম্য পরিশ্রমের মাধ্যমে পড়াশোনায় সফল হলেও বাস্তব জীবনে তার সামনে এসে দাঁড়ায় চাকরির কঠিন চ্যালেঞ্জ। দৃষ্টিহীনতার কারণে বিভিন্ন দপ্তরে চেষ্টা করেও স্বপ্নের চাকরির সুযোগ পাননি তিনি, যা তার ভবিষ্যৎকে করে তুলেছিল চরম অনিশ্চিত।

শাকিলের এই লড়াই এবং প্রতিকূলতার কথা জানতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার পর প্রধানমন্ত্রী তার উপদেষ্টা রুহুল কবির রিজভীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের সহযোগিতায় শাকিল হোসেনের চাকরির ব্যবস্থা করা হয়।

গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার গুলশানে বিএনপির চেয়ারম্যান কার্যালয়ে এক অনুষ্ঠানে শাকিল হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা হিসেবে নিয়োগপত্র লাভ করেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হাত থেকে তিনি এই নিয়োগপত্র গ্রহণ করেন।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীর এপিএস জাহেদুল আলম। দীর্ঘ সংগ্রামের পর এই নিয়োগ শাকিলের জীবনে এক নতুন দিগন্তের সূচনা করল।