​পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১৩১তম ব্যাচের গবাদিপশু ও হাঁস-মুরগি লালন-পালন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সফল সমাপ্তি উপলক্ষে এক আনন্দঘন শিক্ষাসফর অনুষ্ঠিত হয়েছে। কোর্স শেষ করে ৪০ জন প্রশিক্ষণার্থী সফলভাবে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এই আনন্দ ভ্রমণ ও ব্যবহারিক শিক্ষা সফরের আয়োজন করা হয়।

​আজ সকাল ৯টায় পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয় থেকে নির্ধারিত গাড়িযোগে শিক্ষার্থীরা শিক্ষাসফরের উদ্দেশ্যে রওনা হন।

বাগেরহাটের গুরুত্বপূর্ণ দুটি সরকারি খামার—মহিষ উন্নয়ন ও প্রজনন খামার, বাগেরহাট এবং আঞ্চলিক হাঁস গবেষণা ও প্রজনন খামার, বাগেরহাট এই সফরের মূল কেন্দ্রবিন্দু ছিল। এই ভ্রমণের প্রধান উদ্দেশ্য ছিল প্রশিক্ষণার্থীদের তাত্ত্বিক জ্ঞানকে আরও শাণিত করা এবং খামারগুলো পরিদর্শনের মাধ্যমে বাস্তবভিত্তিক বা প্র্যাকটিক্যাল জ্ঞান ও মেধা বৃদ্ধি করা।

​গত তিন মাসের দীর্ঘ পথ চলায় শিক্ষক ও কর্মকর্তাদের পরম স্নেহ, ভালোবাসা এবং দিকনির্দেশনার কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন শিক্ষার্থীরা। খাওয়া-দাওয়া থেকে শুরু করে প্রতিটি পদক্ষেপে শিক্ষকদের আন্তরিকতা ও সহযোগিতা তাদের ভবিষ্যৎ জীবন গঠনে এবং দক্ষ উদ্যোক্তা হতে সবচেয়ে বড় সহায়ক হবে বলে তারা জানান। বিশেষ করে শিক্ষার্থীরা পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকসহ সংশ্লিষ্ট সকল শিক্ষকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা উল্লেখ করেন, প্রশিক্ষকগণ বিপদে-আপদে সবসময় পাশে থেকেছেন এবং একজন দক্ষ প্রশিক্ষণার্থী ও জনশক্তি হিসেবে গড়ে তুলতে নিরলস পরিশ্রম করেছেন।

​উক্ত শিক্ষাসফরে সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে ছিলেন সুরাত আলী, সিনিয়র প্রশিক্ষক; এইচ. এম. আহসান আকীব সুজন; রুহুল আমিন সেখ, প্রদর্শক এবং কাইয়ুম খান, প্রদর্শক।

​শিক্ষাসফর শেষে শিক্ষার্থীরা এই আয়োজনকে তাদের প্রশিক্ষণ জীবনের একটি অন্যতম প্রাপ্তি ও আনন্দদায়ক অভিজ্ঞতা বলে অভিহিত করেন।