পিরোজপুরের গণমাধ্যম অঙ্গনে যাত্রা শুরু করল নতুন দৈনিক ‘জনপথ প্রতিদিন’। ‘মাটি ও মানুষের কণ্ঠস্বর’ স্লোগানকে সামনে রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরার প্রত্যয় নিয়ে বুধবার সকালে পত্রিকাটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। এদিন সকাল ১১টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে দৈনিকটির প্রকাশনা কার্যক্রমের শুভ সূচনা হয়।
পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পত্রিকাটির প্রকাশক মো. নাঈম তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও পিরোজপুর চেম্বার অব কমার্সের সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু এবং জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল হক। এছাড়া জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউএনবির জেলা প্রতিনিধি ও জ্যেষ্ঠ সাংবাদিক মাহমুদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ সাংবাদিক এম এ রব্বানী ফিরোজ, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মনিরুজ্জামান নাসিম আলী, সিনিয়র সাংবাদিক জিয়াউল আহসান, ‘পিরোজপুরের কণ্ঠ’ পত্রিকার সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি খালিদ আবু, দৈনিক জনপথ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক খেলাফত হোসেন খসরু এবং পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ।
বক্তারা নতুন পত্রিকা প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়ে এর সার্বিক সাফল্য কামনা করেন। তারা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের কথা তুলে ধরা এবং জনস্বার্থ রক্ষা করাই গণমাধ্যমের মূল দায়িত্ব। নতুন এই দৈনিকটি সেই দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, ‘জনপথ প্রতিদিন’ পিরোজপুরের মানুষের সমস্যা, সম্ভাবনা, জনদুর্ভোগ এবং উন্নয়ন-অগ্রগতির চিত্র নিষ্ঠার সঙ্গে তুলে ধরবে। একই সঙ্গে সত্যনিষ্ঠ সাংবাদিকতা ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনে সক্ষম হবে।
অনুষ্ঠানে পত্রিকাটির স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম চৌধুরী, জেলা প্রতিনিধি জিয়াউল হক, উপজেলা প্রতিনিধি আবুল কালাম ও নাজমুল হোসেনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিরা একসঙ্গে কেক কাটেন এবং পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন।
স্থানীয় মানুষের প্রত্যাশা, অধিকার ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরে ‘জনপথ প্রতিদিন’ পিরোজপুরের গণমাধ্যম অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।
জাকির ফরাজী, পিরোজপুর















