পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর পৌরসভা নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের প্রিয় মুখ ও আস্থার প্রতীক হয়ে উঠেছেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সজিব হাওলাদার। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে চরম রাজনৈতিক নিপীড়ন, নির্যাতন ও একের পর এক মিথ্যা মামলার শিকার হলেও রাজপথ ছাড়েননি এই ত্যাগী ও প্রতিবাদী নেতা। জনগণের অধিকার আদায়ের সংগ্রামে সর্বদা সামনে থেকে নেতৃত্ব দেওয়া এই তরুণ নেতাকে এবার কাউন্সিলর হিসেবে দেখতে চান ৪ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ জনগণ।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, স্বৈরাচারী শাসনের শাসন-শোষণ ও নির্যাতনের মাঝেও সজিব হাওলাদার সাধারণ মানুষের পাশে ছায়ার মতো ছিলেন। যেকোনো মানবিক বিপর্যয় ও সামাজিক কর্মকাণ্ডে তাকে সবসময় অগ্রভাগে পাওয়া গেছে। ৪ নম্বর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ, আধুনিক ও মাদকমুক্ত মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে তার মতো ত্যাগী, সৎ ও দুঃসময়ের পরীক্ষিত নেতৃত্বের বিকল্প দেখছেন না এলাকাটির সচেতন নাগরিকরা।
ওয়ার্ডবাসীর দাবির বিষয়ে সজিব হাওলাদার জানান, "আমি পদের জন্য রাজনীতি করিনি; ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য। আজ ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ, মুরুব্বি ও যুবসমাজ যে ভালোবাসা এবং সমর্থন দেখাচ্ছেন, তা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। জনগণ যদি সুযোগ দেয়, তবে অবহেলিত ৪ নম্বর ওয়ার্ডকে নাগরিক সুবিধাসম্পন্ন, চাঁদাবাজ-মাদকমুক্ত এবং ইনসাফভিত্তিক একটি আধুনিক মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে নিজেকে উৎসর্গ করব।"
আসন্ন নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে ৪ নম্বর ওয়ার্ডের প্রতিটি অলিগলিতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয়দের প্রত্যাশা, যোগ্য নেতৃত্ব হিসেবে সজিব হাওলাদার জনগণের বিপুল সমর্থনে বিজয়ী হয়ে ওয়ার্ডের সুশাসন নিশ্চিত করবেন।








