জাকির ফরাজীঃ বিশ্বকাপ ফুটবলের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচটি একসঙ্গে বড় পর্দায় উপভোগের সুযোগ করে দিতে পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক এলইডি টেলিভিশন উপহার দিয়েছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
রবিবার (১৯ জুলাই) দুপুরে জেলা পরিষদের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে টেলিভিশনটি নার্সিং ইনস্টিটিউট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
জানা গেছে, বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে কয়েকদিন ধরেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। তবে ক্যাম্পাসে বড় পর্দায় খেলা দেখার কোনো ব্যবস্থা না থাকায় তাদের প্রত্যাশা পূরণ হচ্ছিল না। বিষয়টি জানতে পেরে জেলা পরিষদ প্রশাসক তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদের জন্য একটি এলইডি টেলিভিশন প্রদানের উদ্যোগ নেন।
টেলিভিশন হস্তান্তর অনুষ্ঠানে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “নার্সিং শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। কঠোর পড়াশোনা ও সেবার পাশাপাশি তাদের সুস্থ বিনোদনের সুযোগও প্রয়োজন। বিশ্বকাপের এই ঐতিহাসিক ফাইনাল তারা যেন একসঙ্গে আনন্দের সঙ্গে উপভোগ করতে পারে, সেই চিন্তা থেকেই জেলা পরিষদের পক্ষ থেকে এই উপহার দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে সহায়ক হবে।
অনুষ্ঠানে পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের পক্ষে উপহার গ্রহণ করেন নার্সিং ইনস্ট্রাক্টর (ইনচার্জ) বেবী রায়। এ সময় উপস্থিত ছিলেন নার্সিং ইনস্ট্রাক্টর সাজেদা খাতুন, হিসাবরক্ষক মো. কামাল হোসেনসহ জেলা পরিষদ ও নার্সিং ইনস্টিটিউটের অন্যান্য কর্মকর্তা।
এলইডি টেলিভিশন উপহার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা জানান, ডরমিটরিতে সবাই মিলে বিশ্বকাপের ফাইনাল উপভোগের স্বপ্ন জেলা পরিষদ প্রশাসকের এই উদ্যোগে বাস্তবে রূপ নিয়েছে। এমন সময়োপযোগী ও আন্তরিক উদ্যোগের জন্য তারা অধ্যক্ষ আলমগীর হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।






