‎জাকির ফরাজী

২৮ জুলাই: হবিগঞ্জে জুলাই পদ যাত্রাকালে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা শহরে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

‎বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গতকাল হবিগঞ্জে জুলাই পদ যাত্রার সময় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা এনসিপির নেতাদের ওপর হামলা চালায়। এতে দলের একাধিক নেতা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে তারা দাবি করেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

‎পিরোজপুরের বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন এনসিপি পিরোজপুর জেলা আহ্বায়ক হুমায়ুন কবির ও সদস্য সচিব মাইনুল আহসান মুন্না। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর এনসিপির প্রতিষ্ঠাকালীন সংগঠক মো: আল আমিন খান , যুব শক্তির- অভি, এনসিপির নেতা কামাল হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।

‎বক্তারা বলেন, রাজনৈতিক কর্মসূচিতে হামলা ও সহিংসতার পরিবর্তে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।