পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধের ভোগদখলীয় জমি জবরদখলের চেষ্টা, ৩ লাখ টাকা চাঁদা দাবি এবং বাধা দেওয়ায় মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধ মো: মোফাজ্জেল খান (৭৫) বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্র সূত্রে জানা গেছে, পিরোজপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের কুমিরমারা এলাকার বাসিন্দা মৃত মোশারেফ খানের ছেলে মো: মোফাজ্জেল খান কুমিরমারা মৌজার (জেএল নং-৫৭, দাগ নং-৪১৮) ৮৬ শতাংশ জমি কবলা মূলে ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। তবে কাউখালী থানার চিড়াপাড়া এলাকার বাসিন্দা মো: আজিজুল (৩৫), মো: মনির মীরা (৩৫), হিরা মীরা (২৫) সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন ব্যক্তি দীর্ঘদিন ধরে তাকে উক্ত সম্পত্তি থেকে বিতাড়িত করে জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছে।
ভুক্তভোগী মোফাজ্জেল খান অভিযোগে উল্লেখ করেন, গত ২৬ আগস্ট ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৮:০০ টার দিকে বিবাদীরা অনধিকার প্রবেশ করে তার ভোগদখলীয় জমিতে চাষাবাদ শুরু করে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে চাষাবাদে বাধা দিলে বিবাদী আজিজুল তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় অভিযুক্তরা তাকে মারধর করে এবং খুন-জখমের হুমকি দিয়ে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়।
তিনি আরও জানান, বিবাদীরা ইতিপূর্বেও তাকে মারধর করেছিল এবং বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিবাদীরা যেকোনো সময় তার ও তার পরিবারের লোকজনের বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করছেন।
এদিকে মোফাজ্জেল খান আরও জানান, জমি চাষ করতে না দেওয়ার কারণে ইতিমধ্যে তার আনুমানিক ১ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। অন্য কোনো জমি না থাকায় এই জমিটিই তার পরিবারের খাদ্যের প্রধান উৎস। বর্তমানে জমিটি চাষাবাদ করতে না পেরে তিনি ও তার পরিবার মারাত্মক খাদ্য সংকটে দিন কাটাচ্ছেন। এ অবস্থায় মানবিক বিবেচনায় তিনি দেশের প্রধান উপদেষ্টা/প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তরের সার্বিক সাহায্য, সহযোগিতা এবং সুষ্ঠু ন্যায়বিচারের বিনীত প্রার্থনা জানিয়েছেন।
এ বিষয়ে আইনগত প্রতিকার এবং অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য ভুক্তভোগী বৃদ্ধ পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জের (ওসি) আশু হস্তক্ষেপ কামনা করেছেন।















