‎জাকির ফরাজীঃ

‎পিরোজপুরের জিয়ানগরে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলাকে কেন্দ্র করে রাকিব কাজী (২২) নামের এক যুবককে ছুরিকাঘাতে গুরুতর আহত, অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎মঙ্গলবার (২১ জুলাই) রাতে উপজেলার পত্তাশী ইউনিয়নের কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

‎আহত রাকিবকে প্রথমে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎আহত রাকিব কাজী উপজেলার ২ নম্বর পত্তাশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরনী পত্তাশী গ্রামের মৃত আকরাম কাজীর ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে কাজীপাড়া এলাকায় একটি দোকানের সামনে রাকিব কাজী, রাতুল মোল্লাসহ কয়েকজন একসঙ্গে ফ্রি ফায়ার গেম খেলছিলেন। খেলা নিয়ে একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন বলে জানা গেছে।

‎রাকিব কাজীর অভিযোগ, ওই ঘটনার জেরে রাত সাড়ে ৯টার দিকে রাতুল মোল্লা, তার বাবা মানিক মোল্লা, মা ও চাচাতো ভাই বাপ্পি মোল্লা তাকে মারধর করতে আসেন। একপর্যায়ে রাতুল তাকে মারধর করেন এবং মানিক মোল্লা ছুরি দিয়ে তার পেটে আঘাত করেন। এ সময় তার হাতেও আঘাত লাগে। পরে তিনি অচেতন হয়ে পড়েন।

‎তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। রাতুল মোল্লার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে এক ব্যক্তি ফোনটি ধরে জানান, রাতুল ফোনের কাছে নেই।

‎জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আকাশ সাহা বলেন, রাকিবের পেটের আঘাত গুরুতর ও গভীর। এ কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাব্বত খান বলেন, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতের পক্ষ থেকে মৌখিকভাবে অভিযোগ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।