পিরোজপুর প্রতিনিধি।

মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করা এবং সর্বস্তরের মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে এক বিশেষ পদযাত্রা ও স্টিকার ক্যাম্পেইন কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ ২৬ জুলাই ২০২৬, রবিবার জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’-এর সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।

সকালে জেলা প্রশাসকের বাংলোর সামনে থেকে এক বর্ণাঢ্য পদযাত্রা বের করা হয়। পিরোজপুরের সম্মানিত জেলা প্রশাসক জনাব আবু সাঈদ-এঁর নেতৃত্বে পদযাত্রাটি শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয়, টাউন মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পদযাত্রায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা একাত্মতা প্রকাশ করে অংশ নেন।

পদযাত্রা চলাকালে মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দিতে শহরের গুরুত্বপূর্ণ মোড়, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।

কর্মসূচিসূত্রে জানা যায়, পিরোজপুর শহরকে পরিচ্ছন্ন, নিরাপদ ও মাদকমুক্ত রাখতে জেলা প্রশাসন থেকে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। পদযাত্রাকালে সম্মানিত জেলা প্রশাসক জনাব আবু সাঈদ শহরের প্রধান প্রধান সড়কের পাশে অবৈধভাবে ফেলে রাখা নির্মাণসামগ্রী ও আসবাবপত্র দ্রুত অপসারণের কড়া নির্দেশনা প্রদান করেন।

একই সাথে, যুবসমাজকে তামাক ও মাদকের হাত থেকে রক্ষা করতে তিনি শহরের ব্যবসায়ীদের সতর্ক করে জানান, ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থী ও অপ্রাপ্তবয়স্কদের কাছে সিগারেটসহ কোনো ধরনের তামাকজাত পণ্য বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রচলিত আইন কঠোরভাবে মেনে চলার জন্য ব্যবসায়ীদের আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এই সামাজিক প্রতিরোধে সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

এই পদযাত্রা ও স্টিকার ক্যাম্পেইনের মাধ্যমে পিরোজপুরে মাদকবিরোধী সামাজিক আন্দোলনে একটি নতুন গতির সঞ্চার হয়েছে বলে মনে করছেন স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।