পিরোজপুর প্রতিনিধি।

পিরোজপুর জেলা এনজিও বিষয়ক সমন্বয় কমিটির মাসিক এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে আজ জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ।

সভায় জেলার সার্বিক উন্নয়ন ও অগ্রগতি তরান্বিত করতে বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় জেলার বিভিন্ন এনজিওর চলমান কার্যক্রম, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন নিয়ে পর্যালোচনা করা হয়। এছাড়া নারী ও শিশু উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমের সার্বিক অবস্থা মূল্যায়ন করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জনাব আবু সাঈদ জেলার সার্বিক উন্নয়নে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, এনজিওগুলোর সঠিক ও স্বচ্ছ কার্যক্রম জেলার আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পিরোজপুর জেলায় কর্মরত বিভিন্ন এনজিওর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।