পিরোজপুরে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৭ জুলাই ২০২৬) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ।
সভায় জেলার সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি, ঝুঁকিপূর্ণ এলাকার জনগণের নিরাপত্তা, আশ্রয়কেন্দ্রের প্রস্তুতি, ত্রাণসামগ্রী মজুত ও বিতরণ ব্যবস্থা এবং জরুরি সেবার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
সভায় দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ, আন্তঃপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার এবং জনগণের জানমাল রক্ষায় সকল দপ্তরকে সর্বদা সতর্ক থাকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
উক্ত সভায় অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।






