‎জাকির ফরাজী

‎পিরোজপুরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের ভিত্তিতে আগাম সাড়াদান, সামাজিক সুরক্ষা কর্মসূচিকে দুর্যোগ প্রতিক্রিয়াশীল করা এবং জলবায়ু ঝুঁকি বীমা বিষয়ে জেলা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সুশীলন’ কর্মশালাটি বাস্তবায়ন করে।

‎সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।

‎কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরুণ কুমার সিকদার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. ইব্রাহিম খলিল এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ।

‎এ ছাড়া জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা, দাতা সংস্থার প্রতিনিধি, বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) খুলনা ফিল্ড অফিসের প্রধান আল মামুন আজাদ, বাস্তবায়নকারী সংস্থা ‘সুশীলন’-এর প্রকল্প সমন্বয়কারী মো. ইমরান হোসেন, মনিটরিং কো-অর্ডিনেটর, উপজেলা সমন্বয়কারীসহ সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎কর্মশালায় উপকূলীয় ও দুর্যোগপ্রবণ পিরোজপুরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়ার পর আগাম প্রস্তুতি ও সাড়াদান, জলবায়ু ঝুঁকি বীমা এবং দুর্যোগকালীন সামাজিক সুরক্ষা কার্যক্রমের গুরুত্ব ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

‎প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, উপকূলীয় জেলা পিরোজপুরে দুর্যোগের ঝুঁকি কমাতে পূর্বাভাসভিত্তিক আগাম পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দুর্যোগ আঘাত হানার পর নয়, বরং পূর্বাভাস পাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

‎এ সময় জেলা প্রশাসক সংশ্লিষ্টদের তিনটি বিষয়ে বিশেষ নির্দেশনা দেন। প্রথমত, সম্ভাব্য দুর্যোগের আগেই জেলার সব সাইক্লোন সেন্টার পরিদর্শন করে প্রয়োজনীয় মেরামত ও প্রস্তুতি সম্পন্ন করতে হবে। দ্বিতীয়ত, কোনো ধরনের ক্ষয়ক্ষতি শুরু হওয়ার আগেই ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে নিরাপদে সাইক্লোন সেন্টারে নেওয়ার কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, জেলার সব সাইক্লোন সেন্টারের পরিচালনা কমিটি, সদস্যদের দায়িত্ব ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করে পরবর্তী সভার আগেই উপস্থাপন করতে হবে।

‎সভা শেষে পিরোজপুরের দুর্যোগঝুঁকি মোকাবিলায় সরকারি-বেসরকারি সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।