জাকির ফরাজী
নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনকে জনপ্রিয় করার লক্ষ্যে পিরোজপুরে ‘এক দেশ, এক QR, লেনদেনে BANGLA QR’ শীর্ষক রোড শো করেছে অগ্রণী ব্যাংক পিএলসি। শহরের হাসপাতাল রোডে আয়োজিত এ কর্মসূচিতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের BANGLA QR ব্যবহারে উৎসাহিত করা হয়।
সোমবার (১০ আগস্ট) সকাল ৯টায় অগ্রণী ব্যাংকের পিরোজপুর জেলা পরিষদ শাখার উদ্যোগে এ রোড শো অনুষ্ঠিত হয়।
‘BANGLA QR-এ লেনদেন করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ি’ এবং ‘এক দেশ, এক QR, লেনদেনে BANGLA QR’—এমন বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার নিয়ে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা রোড শোতে অংশ নেন। এ সময় ডিজিটাল লেনদেনের সুবিধা ও BANGLA QR ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরে পথচারী ও ব্যবসায়ীদের সচেতন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির উপ-মহাব্যবস্থাপক (জোনাল হেড) মো. জিল্লুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান, পিরোজপুর জেলা পরিষদ শাখার এসপিও ও শাখা ব্যবস্থাপক ইসরাত জাহানসহ আঞ্চলিক কার্যালয় ও জেলা পরিষদ শাখার কর্মকর্তা-কর্মচারীরা।
রোড শো চলাকালে ব্যাংকের কর্মকর্তারা জানান, BANGLA QR-এর মাধ্যমে গ্রাহকরা সহজ, নিরাপদ ও দ্রুত ডিজিটাল লেনদেন করতে পারেন। নগদ অর্থের ওপর নির্ভরতা কমিয়ে লেনদেন ব্যবস্থাকে আরও আধুনিক ও সহজলভ্য করতেই এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, তৃণমূল পর্যায়ে BANGLA QR-এর ব্যবহার বাড়লে ডিজিটাল লেনদেন আরও বিস্তৃত হবে এবং ক্যাশলেস বাংলাদেশ গড়ার উদ্যোগ গতি পাবে।








