‎জাকির ফরাজী

‎জুলাই আন্দোলনে নিহত বিএনপির ৭৩৪ জন নেতাকর্মীর স্মরণে প্রতীকীভাবে ৭৩৪টি গাছের চারা রোপণের মাধ্যমে পিরোজপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

‎মঙ্গলবার (২৮ জুলাই) সকালে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের লক্ষ্যে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। কর্মসূচির আওতায় পৌরসভার বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

‎উদ্বোধনী অনুষ্ঠানে গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় গ্রাম-গঞ্জ, পাড়া-মহল্লা এবং শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেছিলেন। সেই ধারাবাহিকতায় আজ দেশব্যাপী সবুজায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

‎তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম এবং জুলাই আন্দোলনে বিএনপির ৭৩৪ জন নেতাকর্মী নিহত হয়েছেন। তাঁদের স্মরণে ও আত্মার মাগফিরাত কামনা করে প্রতীকীভাবে ৭৩৪টি গাছের চারা রোপণ করা হচ্ছে। পর্যায়ক্রমে পিরোজপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ৫ থেকে ৭ হাজার গাছের চারা রোপণ করা হবে।

‎গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, “দেশকে সবুজ রাখতে হলে বেশি বেশি গাছ লাগাতে হবে। পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়তে এ বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে।”

‎এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাদিম শেখসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।