‎জাকির ফরাজী

‎পিরোজপুরে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী প্রতিযোগিতায় সাঁতার, দাবা, হ্যান্ডবল ও কাবাডি ইভেন্টে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০৩ জন শিক্ষার্থী অংশ নেয়।

‎সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুর জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাহমুদুর রহমান মামুন। জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আযিযীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান।

‎জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মাধ্যমিক পর্যায়ের ২৮১টি, মাদ্রাসা পর্যায়ের ১৭৩টি, কলেজ পর্যায়ের ৩৯টি এবং কারিগরি স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। দিনভর চলে শিক্ষার্থীদের প্রতিদ্বন্দ্বিতা।

‎সাঁতার, দাবা, হ্যান্ডবল ও কাবাডিতে নিজেদের দক্ষতা প্রদর্শনের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় উৎসাহ-উদ্দীপনা। বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

‎পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দুই দিনব্যাপী পিরোজপুর জেলা পর্যায়ের ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর আনুষ্ঠানিক সমাপ্তি হয়।