ফেনী প্রতিনিধি :

ফেনীর ফুলগাজী উপজেলায় বন্যা ও বিভিন্ন সময়ে ক্ষতিগ্রস্ত অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু। একই সঙ্গে উপজেলার ১১টি বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার ১৬ আগস্ট ফুলগাজী উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ৩৫ জন অসহায় ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে নগদ ৬ হাজার টাকা করে এবং দুই বান করে ঢেউটিন দেওয়া হয়। এছাড়া আরও ৩১ জনকে নগদ ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে উপজেলার ১১টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করে শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

অনুষ্ঠানে সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু বলেন, বন্যাসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশের সঙ্গে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বিদ্যালয়গুলোতে ক্রীড়া কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউসার হামিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা, ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, উপজেলা সমবায় কর্মকর্তা মুরাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও উপকারভোগীরা।

স্থানীয়রা জানান, বন্যা ও অন্যান্য দুর্যোগে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার এখনও স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি। তাদের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি সংস্কার ও জরুরি প্রয়োজন মেটাতে সহায়ক হবে। একই সঙ্গে বিদ্যালয়গুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।