মাফিকুল ইসলাম

সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় ১৫ জন যুবককে বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে প্রশিক্ষণ শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র ও প্রয়োজনীয় ইলেকট্রিক্যাল টুলস বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি। বক্তব্য শেষে তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও ইলেকট্রিক্যাল টুলস তুলে দেন।

অনুষ্ঠানে দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি, দিনাজপুর পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসানসহ বিজিবি, প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত যুবকেরা অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে নিজ এলাকায় ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিংয়ের কাজ করতে পারবেন। এতে একদিকে যেমন তাঁদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, অন্যদিকে সীমান্তবর্তী এলাকার বেকারত্ব কমাতেও এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রশিক্ষণ শেষে সনদ ও কাজের প্রয়োজনীয় সরঞ্জাম হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন প্রশিক্ষণার্থীরা। তাঁরা বলেন, এই প্রশিক্ষণ তাঁদের জন্য শুধু একটি সনদ নয়, বরং নিজের পায়ে দাঁড়ানোর একটি বাস্তব সুযোগ তৈরি করেছে।

অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।