মাফিকুল ইসলাম
দিনাজপুরের পার্বতীপুরে পরিত্যক্ত দুটি ব্যাগ থেকে ৯২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১৩। শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ১১টা ৪৫ মিনিটে র্যাব-১৩ রংপুর সদর কোম্পানির একটি দল বাসুপাড়া মোড়ে অভিযান চালায়। এ সময় বদরগঞ্জ- পার্বতীপুর সড়কের ওপর পড়ে থাকা দুটি মালিকবিহীন ব্যাগে তল্লাশি চালিয়ে একটি থেকে ৫০ রাউন্ড এবং অন্যটি থেকে ৪২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তবে ঘটনাস্থলে কোনো ব্যক্তি বা অস্ত্র পাওয়া যায়নি। উদ্ধার করা গুলি সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন। পার্বতীপুর মডেল থানার ওসি আ. ওয়াদুদ জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।















