মাফিকুল ইসলাম,
দিনাজপুরের পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি হঠাৎ বিলুপ্ত করেছে কেন্দ্রীয় বিএনপি। রোববার (২৬ জুলাই) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। কেন্দ্রীয় এ সিদ্ধান্তে স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনা শুরু হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য দিনাজপুর জেলার পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে। সিদ্ধান্তটি প্রকাশের সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।
একই দিনে পৃথক বিজ্ঞপ্তিতে লালমনিরহাট ও রংপুর জেলা বিএনপির কয়েকটি গুরুত্বপূর্ণ পদে ভারপ্রাপ্ত দায়িত্বশীলদের নামও ঘোষণা করা হয়েছে। লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং রংপুর জেলা বিএনপির সদস্য অধ্যাপক পরিতোষ চক্রবর্তীকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সাংগঠনিক কার্যক্রম আরও সচল ও গতিশীল করার লক্ষ্যেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নবনিযুক্ত দায়িত্বশীলরা তাদের দায়িত্ব পালন করবেন।






