মাফিকুল ইসলাম
জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হককে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) পার্বতীপুর উপজেলার ৯ নম্বর হামিদপুর ইউনিয়নের ধুলাউদাল স্কুল প্রাঙ্গণে স্থানীয় সাবেক বিএনপি নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষের যৌথ উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানকে ঘিরে বিকেল থেকেই ধুলাউদাল স্কুল প্রাঙ্গণে মানুষের ঢল নামে। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে এবং এলাকার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরতে সেখানে উপস্থিত হন।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষা, চিকিৎসা, যোগাযোগসহ এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন প্রত্যাশার কথা তুলে ধরেন স্থানীয়রা। বক্তারা এলাকার দীর্ঘদিনের প্রয়োজনীয় কাজগুলো বাস্তবায়নে জনপ্রতিনিধির কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে এ জেড এম রেজওয়ানুল হক এমপি বলেন, জনগণের ভালোবাসা ও আস্থাই তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডের মূল শক্তি। এলাকার শিক্ষা, চিকিৎসা, যোগাযোগসহ জনকল্যাণমূলক বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় স্থানীয় প্রবীণ ও তরুণদের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে। শেষ পর্যন্ত শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান শেষ হয়।















