মাফিকুল ইসলাম
দিনাজপুরের পার্বতীপুরে আনন্দ, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত হয়েছে।
উপজেলার পাঁচপুকুর হরেনমোড় এলাকায় আয়োজিত এ উৎসবে আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষ ও শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। নিজস্ব সংস্কৃতির ঐতিহ্যবাহী নাচ-গান, পূজা-অর্চনা ও বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।
উৎসবকে কেন্দ্র করে সাজানো হয় দৃষ্টিনন্দন প্যান্ডেল ও আলোকসজ্জা। ব্যানার ও সাজসজ্জায় তুলে ধরা হয় আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও নৃত্যের নানা চিত্র। উৎসব দেখতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও সেখানে উপস্থিত হন।
আয়োজকরা জানান, নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা পরিচিত করে তুলতেই প্রতিবছর কারাম উৎসবের আয়োজন করা হয়। এর মাধ্যমে দীর্ঘদিনের সাংস্কৃতিক ঐতিহ্য ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০ নম্বর হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. নুর মোহাম্মদ পাইকার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আঞ্জুমআরা ইয়াসমিন, ইউপি সদস্য মো. মেহেদি হাসান এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী মো. জাইদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ইউপি চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ বলেন, আদিবাসী সম্প্রদায়ের মানুষ তাদের হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রেখেছেন। এ ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কারাম উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
দিনব্যাপী উৎসবের বিভিন্ন আয়োজনে অংশ নিয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। নাচ-গান ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো উৎসবস্থল।















