মাফিকুল ইসলাম,

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় হত্যা চেষ্টার ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

জানা যায়, গত ২ আগস্ট উপজেলার হামিদপুর ইউনিয়নের দলদলিয়া ডাঙ্গাপাড়া গ্রামে বসতভিটার ৪ শতক জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের তিনজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে রয়েছেন নজমুল হোসেন, তার স্ত্রী আকলিমা এবং আখতার বানু। এছাড়া আরও ৪-৫ জন আহত হন বলে স্থানীয়রা জানান। গুরুতর আহত আকলিমাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর মামলা গ্রহণে বিলম্ব এবং ঘটনার তিন দিন অতিবাহিত হলেও অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় বুধবার (৫ আগস্ট) দুপুর ১২টা থেকে পৌনে ১টা পর্যন্ত রংপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের মহেশপুর গোলচত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচির কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মানববন্ধনে অংশ নেওয়া এক প্রত্যক্ষদর্শী, পরিচয় প্রকাশ না করার শর্তে, দাবি করেন যে স্থানীয় প্রভাবশালীদের কারণে থানায় মামলা নিতে বিলম্ব হয়েছে। তার অভিযোগ, এই সুযোগে অভিযুক্তরা ভুক্তভোগী পরিবারকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। তিনি আরও দাবি করেন, স্থানীয় সংসদ সদস্যের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আল আমিনের নির্দেশে এ হামলার ঘটনা ঘটেছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

বিক্ষোভে অংশগ্রহণকারী এলাকাবাসী জানান, ভুক্তভোগী পরিবারটি অত্যন্ত দরিদ্র। তাদের চিকিৎসার ব্যয় বহনে স্থানীয়রা চাঁদা সংগ্রহ করছেন। তারা অবিলম্বে আসামিদের গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতাউর রহমান জানান, মঙ্গলবার পার্বতীপুর মডেল থানায় এ ঘটনায় মামলা দায়ের হয়েছে, যার মামলা নম্বর-৮। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হবে বলে তিনি আশ্বাস দেন।

পুলিশের এ আশ্বাসের পর এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।