মাফিকুল ইসলাম
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের ফকিরের বাজার সংলগ্ন ঐতিহাসিক ধনাশীষ সাহেবের মাঠে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে প্রীতি ফুটবল ম্যাচ, খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ, ট্রফি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ, পার্বতীপুর উপজেলা কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রীতি ফুটবল ম্যাচে লাল দল ও সবুজ দল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে লাল দল ১-০ গোলের ব্যবধানে সবুজ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। প্রথমার্ধে ফকিরের বাজারের কৃতি সন্তান মোহাম্মদ মারুফ আহমেদ জয়সূচক একমাত্র গোলটি করেন। তার নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ নগদ এক হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। পরে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের পার্বতীপুর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. তরিকুল ইসলাম সুমন। সঞ্চালনা করেন সদস্য মো. জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক মো. মাহফিকুল ইসলাম মাসুম। বিশেষ অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা কমিটির আহ্বায়ক মো. ওয়াহেদুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা কমিটির সদস্য সচিব আলহাজ্ব মো. শওকত আলী।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মহিদুল ইসলাম মাসুদ, মো. আজিজুল ইসলাম, ডা. মো. মনিরুজ্জামান রহমান, মো. নুর নবী পাইকার লিটন, মো. আশরাফুজ্জামান, মোছা. সেলিনা আক্তার এবং মো. হাসিনুজ্জামান হাসুসহ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। যুবসমাজকে মাঠমুখী করতে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের পাশাপাশি শিশু-কিশোরদের অতিরিক্ত স্মার্টফোন নির্ভরতা কমিয়ে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান আয়োজনে সংগঠনের সদস্য আসরাফ হোসেন লিটন, সাহিদুল ইসলাম শোভন, শরিফুর রহমান ও তৌফিকুল হোসেন সার্বিক দায়িত্ব পালন করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে সমাপনী ঘোষণা করা হয়।







