আরিফুল ইসলাম মহিন

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন, সফল মাছচাষি ও মৎস্যসংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস অহিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, পানছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বাছেদ মিয়া এবং পানছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তায় মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছচাষ বাড়ানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে মাছের উৎপাদন বৃদ্ধি, পুষ্টির চাহিদা পূরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে মাছচাষিদের আরও উৎসাহিত করা প্রয়োজন।

অনুষ্ঠানে পানছড়ির সফল মাছচাষিদের কর্মকাণ্ড তুলে ধরে তাদের অবদানের স্বীকৃতি দেওয়া হয়। সফল মাছচাষি হিসেবে মো. ইব্রাহিম, অংলাপ্রু মারমা ও খুদেজা বেগমের কর্মকাণ্ড বিশেষভাবে তুলে ধরা হয়।

এছাড়া সফল মৎস্যচাষি হিসেবে কংচাইরীপাড়া একতা মৎস্যচাষি সমিতি, পাইটল ফার্ম গ্রামের মো. আবু তালেব এবং জিয়নগরের মো. মহিন উদ্দিনকে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যচাষি ও মৎস্যসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।