একরামুল হক: খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মধুমঙ্গলপাড়া এলাকায় গুলিতে নিহত তিন যুবকের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে। তবে ঘটনার চারদিন পেরিয়ে গেলেও অপর দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

‎গত ৬ জুলাই মধুমঙ্গলপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে তিন যুবক নিহত হন। নিহতদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া ব্যক্তি হলেন রিয়েল চাকমা (পিতা: রুপায়ন চাকমা)। তিনি উপজেলার ৩ নম্বর পানছড়ি ইউনিয়নের আলীচান কার্বারিপাড়ার বাসিন্দা। নিহতের ছোট বোন রেসি চাকমা তার পরিচয় নিশ্চিত করেছেন।

‎ময়নাতদন্ত শেষে রিয়েল চাকমার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অপর দুইজনের পরিচয় শনাক্ত না হওয়ায় তাদের মরদেহ এখনো খাগড়াছড়ি জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

‎পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, অজ্ঞাত দুই নিহতের বিষয়ে বিভিন্ন সূত্র থেকে কয়েকটি নাম-পরিচয় পাওয়া গেলেও সেগুলোর সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

‎তিনি বলেন, নিহতদের স্বজনরা সঠিক নাম-ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য-প্রমাণ নিয়ে পানছড়ি থানায় যোগাযোগ করলে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

‎উল্লেখ্য, গত ৬ জুলাই পানছড়ির মধুমঙ্গলপাড়া এলাকায় সশস্ত্র হামলায় তিন যুবক নিহত হন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।

‎ছবি- নিহত রিয়েল চাকমা।