আলমগীর কবীর হৃদয়
পাবনায় ‘মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব, মাদক প্রতিরোধে করণীয় এবং মাদকমুক্ত সমাজ গঠনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষের সমন্বিত উদ্যোগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে তাবাসসুম, সহকারী পুলিশ সুপার আরজুমা আকতার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা কার্যালয়ের উপপরিচালক মাহাম্মদ শহিদুল মান্নাফ কবীর, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
কর্মশালায় বক্তারা বলেন, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির জীবনকেই বিপন্ন করে না; এর নেতিবাচক প্রভাব পরিবার, শিক্ষা, কর্মজীবন এবং সামগ্রিক সামাজিক পরিবেশের ওপরও পড়ে। মাদকের কারণে পারিবারিক অশান্তি, অর্থনৈতিক সংকট, অপরাধপ্রবণতা ও সামাজিক অবক্ষয় বৃদ্ধি পেতে পারে।
বক্তারা মাদকাসক্তি প্রতিরোধে তরুণ ও যুবসমাজকে সচেতন করার পাশাপাশি মাদকের বিস্তার ও সহজলভ্যতা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা জোরদার এবং পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলার আহ্বান জানানো হয়।
কর্মশালায় বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইন প্রয়োগ নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
















