বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়েছে। প্রথম দিনে চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল জিতেছেন তিন বিজ্ঞানী। আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল ও অপটোজেনেটিক্স বিষয়ে যুগান্তকারী আবিষ্কারের জন্য কার্ল ডেইসারোথ, পিটার হেগেমান ও জর্জি নাগেলকে ২০২৬ সালের চিকিৎসাবিজ্ঞান বা শারীরতত্ত্বে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। সোমবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় সুইডেনের রাজধানী স্টকহোম থেকে বিজয়ীদের নাম ঘোষণা করে করোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি। ঘোষণা অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য ও শুক্রবার শান্তিতে নোবেলজয়ীদের নাম জানানো হবে। আগামী ১২ অক্টোবর অর্থনীতিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে। প্রথা অনুযায়ী নরওয়ের রাজধানী অসলো থেকে শান্তিতে নোবেল ঘোষণা হবে, বাকি পুরস্কার ঘোষণা হবে স্টকহোম থেকে। আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে বিজয়ীদের হাতে অর্থ, সনদ ও স্বর্ণপদক তুলে দেওয়া হবে।