জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নিয়োগ পাওয়ার সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের কবরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। দেশে ছড়ানো নানাবিধ গুজবের কঠোর সমালোচনা করে মাহদী আমিন বলেন, জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পদের জন্য সব ধরনের পেশাগত শর্ত পূরণ করে সম্পূর্ণ নিজ যোগ্যতায় জাইমা রহমান নিয়োগ পেয়েছেন। বরং এই অর্জনের জন্য তাকে সাধুবাদ জানানো উচিত। তিনি বলেন, 'ব্যারিস্টার জাইমা রহমান তার নিজস্ব মেধা ও যোগ্যতার ভিত্তিতে পি-৩ পজিশনে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
এই পদের জন্য ন্যূনতম পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতার প্রয়োজন হয়, যা তার প্রোফাইলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং, তিনি নিজের যোগ্যতায় জাতিসংঘে যেভাবে প্রতিনিধিত্ব করছেন, তা তার নিজস্ব পেশাগত ক্যারিয়ারের জন্য একটি বড় অর্জন। এর সঙ্গে সরকারের ন্যূনতম কোনো যোগসূত্র বা সম্পৃক্ততা নেই। বরং আমরা অতীতে এমন ধারা দেখেছি, যেখানে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জাতিসংঘের মতো সংস্থায় পারিবারিক অবস্থান তৈরির চেষ্টা করা হতো।'
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কর্মসূচি, বিশ্ব নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয়বস্তু তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
















