মাফিকুল ইসলাম

দিনাজপুরের পার্বতীপুরে বেসরকারি উদ্যোগে যাত্রা শুরু করেছে আজেদা মা ও শিশু হাসপাতাল। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা এবং মা ও শিশুর চিকিৎসাসেবা সম্প্রসারণের লক্ষ্যে প্রতিষ্ঠিত হাসপাতালটিতে রয়েছে ১০ শয্যার ব্যবস্থা। এখানে রোগী ভর্তি, স্বাভাবিক প্রসব ও সিজারিয়ান অস্ত্রোপচারের সুবিধা রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার হুগলীপাড়ায় এ্যাফেক স্কুলসংলগ্ন হাসপাতালের নিজস্ব ভবনের শিশু ওয়ার্ডে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালটির কার্যক্রম উদ্বোধন করেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।

ডা. কামরুন্নাহার ও তাহসিন আহমেদ দম্পতি হাসপাতালটির প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ, সাবেক পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক এবং পার্বতীপুর ইসলাম ক্লিনিকের স্বত্বাধিকারী ডা. মোফাক্ষারুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা বলেন, পার্বতীপুরে মা ও শিশুদের জন্য বিশেষায়িত চিকিৎসাসেবার সুযোগ বাড়ানো প্রয়োজন। বেসরকারি উদ্যোগে আজেদা মা ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠার ফলে এলাকার মানুষের চিকিৎসাসেবা গ্রহণের নতুন সুযোগ তৈরি হবে। এ উদ্যোগ জনকল্যাণে দৃষ্টান্ত স্থাপনের পাশাপাশি অন্য উদ্যোক্তাদেরও এ ধরনের প্রতিষ্ঠান গড়ে তুলতে উৎসাহিত করবে।

হাসপাতালের পরিচালক ডা. কামরুন্নাহার জানান, চিকিৎসাসেবা পরিচালনার জন্য এখানে ১০ জন নার্স, তিনজন মেডিকেল অফিসার, দুজন খণ্ডকালীন কনসালট্যান্ট, একজন খণ্ডকালীন সার্জন ও একজন অ্যানেসথেসিওলজিস্ট নিয়োগ দেওয়া হয়েছে। পরিচ্ছন্নতাকর্মীসহ হাসপাতালটিতে মোট ২৩ জন জনবল কাজ করবেন।

তিনি আরও জানান, ১০ শয্যার এ হাসপাতালে মা ও শিশুরা ভর্তি হয়ে চিকিৎসা নিতে পারবেন। পাশাপাশি স্বাভাবিক প্রসব ও সিজারিয়ান অস্ত্রোপচারের ব্যবস্থাও রয়েছে।

হাসপাতালটি চালুর মধ্য দিয়ে পার্বতীপুর ও আশপাশের এলাকার মা ও শিশুদের চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।