মহিউদ্দিন: নেত্রকোনা শহরে বখাটেপনা ও ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক নারীর ওপর নির্মম হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. রবিন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত রবিন শহরের চচ্চুয়া এলাকার মৃত আঃ রহিমের ছেলে থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রবিন ও তার সহযোগীরা ভুক্তভোগী নারীর মেয়েকে স্কুলে যাতায়াতের পথে উত্ত্যক্ত করে আসছিল। এ ঘটনার প্রতিবাদ করায় বখাটেরা ওই নারীর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে বিভিন্ন সময়ে হুমকি-ধমকি প্রদান করে আসছিল।
গত ১৭ জুলাই দুপুরে রবিন ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভুক্তভোগী নারীর বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে। একপর্যায়ে রবিন অতর্কিত হামলা চালিয়ে ওই নারীর চোখে গুরুতর জখম করে। এরপর লাঠি ও কাঠের চলা দিয়ে তাকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় একটি মামলা (মামলা নং-২৩, তারিখ: ১৮/০৭/২০২৬) দায়ের করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও নেত্রকোনা মডেল থানার এসআই প্রবীন চন্দ্র দাশ জানান, ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত রবিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও পুনরাবৃত্তি রোধে সব ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছ।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, রবিন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, মানুষকে হয়রানি এবং স্কুলগামী ছাত্রীদের উত্ত্যক্ত করার মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এর আগেও তার বিরুদ্ধে চুরির অভিযোগ উঠলেও আইনি তৎপরতার অভাবে সে পার পেয়ে গিয়েছিল। এলাকাবাসী এবার এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।






