কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের পাড়াপরমানন্দ গ্রামের ফকিরবাড়ী এলাকায় নিজ বাড়ির পাকঘরে আগুন লাগিয়ে প্রতিবেশীদের বিরুদ্ধে মামলা করার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ জুন ২০২৬ রাত আনুমানিক ১২টার দিকে পূর্বশত্রুতার জেরে কাজল মিয়া (৫০), পিতা—মৃত আব্দুল হেলিম এবং তার স্ত্রী মোমেছানা ওরফে মমতা (৪০) নিজেদের বাড়ির রান্নাঘরে আগুন দেন—এমন অভিযোগ করেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।

পরে এ ঘটনায় কাজল মিয়া কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে চরমারিয়া গ্রামের বাসিন্দা উবায়দুল হক (৩৮), পিতা—মৃত আবু বকর ছিদ্দিক-সহ আরও ৫ থেকে ৭ জনকে অভিযুক্ত করা হয়েছে।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার প্রাথমিক তথ্য সংগ্রহ করে।

এলাকাবাসীর একাংশের দাবি, ঘটনাটি পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত। তাদের অভিযোগ, নিরীহ ব্যক্তিদের হয়রানির উদ্দেশ্যে এ মামলা করা হয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তবে এ বিষয়ে কাজল মিয়া বা তার পরিবারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এদিকে কিশোরগঞ্জ সদর মডেল থানার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (নিরস্ত্র) আমিনুল ইসলাম জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।