বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং নৌ সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে সরকারি সফরে সৌদি আরব গেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শনিবার (৫ সেপ্টেম্বর) তিনি সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
সফরকালে নৌবাহিনী প্রধান সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, রয়্যাল সৌদি নেভাল ফোর্সের প্রধান এবং মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স কোয়ালিশনের কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠকগুলোতে বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা এবং বাংলাদেশ ও সৌদি নৌবাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় হবে।
সৌদি আরব অবস্থানকালে নৌবাহিনী প্রধান দেশটির বিভিন্ন সামরিক ও নৌ স্থাপনা পরিদর্শন করবেন। এ সময় দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক উন্নয়ন, প্রশিক্ষণ এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন তিনি।
নৌবাহিনী প্রধানের এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত হওয়ার পাশাপাশি দুই দেশের নৌবাহিনীর পেশাগত সম্পর্ক ও ভ্রাতৃপ্রতিম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

















