বগুড়া মহানগরীর জিরো পয়েন্ট সাতমাথায় জুলাই স্মৃতিস্তম্ভের সামনে জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত এক পথসভায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অনেকে আমাদের ‘জুলাই ব্যবসায়ী’ বা ‘হাদী ব্যবসায়ী’ বলে অভিহিত করেন। আমরা তা মেনে নিই, তবে আমরা কোনোভাবেই চাঁদাবাজ ব্যবসায়ী নই।
নাসীরুদ্দীন পাটওয়ারী ব্যবসায়ীদের দীর্ঘদিনের কষ্টের কথা উল্লেখ করে বলেন, গত ১৭ বছর ধরে অনেক ব্যবসায়ী অত্যন্ত প্রতিকূলতার মধ্য দিয়ে তাদের ব্যবসা পরিচালনা করেছেন। কিন্তু শেখ হাসিনার দলীয় অঙ্গসংগঠন যুবলীগ ও ছাত্রলীগের গুন্ডাবাহিনী তাদের ব্যবসা করতে দেয়নি। এই ব্যবসায়ীরা আশা করেছিলেন যে, জুলাই আন্দোলনের পর নতুন বাংলাদেশে তাদের আর চাঁদাবাজির শিকার হতে হবে না। কিন্তু ৫ আগস্টের পর দেখা গেল, যাদের আমরা উদ্ধার করতে গিয়েছিলাম—বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের—তারাই নতুন করে জুলুম শুরু করেছেন। তিনি অভিযোগ করেন, আগে যেখানে ১০০ টাকা চাঁদা দিতে হতো, এখন তা বেড়ে ২০০ টাকা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, এটাই কি আমাদের কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ?
শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজপথে নামার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, যখন আমরা ন্যায়বিচারের দাবি জানালাম, তখন আমাদের লক্ষ্য করে বলা হলো আমরা ‘হাদী ব্যবসায়ী’ বা ‘জুলাই ব্যবসায়ী’। তিনি স্পষ্টভাবে জানান, আমরা জুলাই ব্যবসায়ী হতে পারি, কিন্তু আমরা চাঁদাবাজ নই। আমরা কোনো গুন্ডাতন্ত্র বা সন্ত্রাস কায়েম করি না এবং তা সমর্থন করি না।











