মস্তু মিয়া

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৫ হাজার পিস তাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) রাত ২টা ৪৫ মিনিটে নাসিরনগর থানা পুলিশের একটি বিশেষ টিম তিলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একটি সন্দেহভাজন পিকআপ গাড়ি আটক করে। তল্লাশিতে ওই গাড়ি থেকে ৫ হাজার পিস তাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের পরিচয় দিয়ে পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে একজন হলেন সুনামগঞ্জের নতুন গোদিগাঁও এলাকার মৃত আঃ জলিলের ছেলে মোঃ আবুল হোসেন এবং অন্যজন দোয়ারাবাজারের এরুয়াখাই এলাকার আঃ লতিফের ছেলে মোঃ রাশেদ মিয়া। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং পিকআপটি উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।

পুলিশি জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃত আবুল হোসেন একজন পেশাদার মাদক কারবারি এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন থানায় তিনটি মাদক মামলা রয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে নাসিরনগর থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। জেলা পুলিশ, ব্রাহ্মণবাড়িয়ার মিডিয়া উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।